মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা

মেরে ফেলা কিংবা কামড় এড়িয়ে চলার বদলে মশার শরীরে বিশেষ ধরনের উপকারী এক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু মোকাবিলার নতুন পদ্ধতি পরীক্ষা করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। গবেষণায় পাওয়া গেছে আশাব্যঞ্জক ফল। গত শনিবার গবেষকরা একটি আন্তর্জাতিক সম্মেলনে এ ফলাফল তুলে ধরেন। বিশে^র ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ব্রাজিল। দেশটির কয়েক হাজার শিশুর ওপর এ গবেষণা চালানো হয়। খবর : আল জাজিরা

গবেষকরা পরীক্ষাগারে লাখ লাখ এডিস ইজিপ্টাই মশার শরীরে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো অবমুক্ত করেন। সাধারণত এ প্রজাতির মশার শরীরে ব্যাকটেরিয়াটি থাকে না। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুর মতো ভাইরাসের বংশবিস্তার কঠিন করে তোলে। গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতি প্রয়োগের ফলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে।

মানুষের শরীরে মশাবাহিত রোগ ছড়ানো ঠেকাতে মশার জিনগত বা জৈবিক বৈশিষ্ট্য পরিবর্তনের এটাই সর্বশেষ উদ্যোগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তখনই গবেষণার এ ফলাফল প্রকাশ করা হলো। গবেষণায় যুক্ত না থাকলেও যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ডেভিড হ্যামার বলেছেন, এটি সত্যিই দারুণ আশাব্যঞ্জক। হ্যামারের ধারণা, আরও বেশি সংখ্যায় ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব।

গবেষণায় কী করা হয়েছে : ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের এক দল গবেষক ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেলো হরিজন্তে শহরে গবেষণাটি চালান।

গবেষকরা এডিস ইজিপ্টাই প্রজাতির মশার শরীরে ওলবাকিয়া নামের প্রাকৃতিক যে ব্যাকটেরিয়া প্রবেশ করান, সেটি মানুষের কোনো ক্ষতি করে না। তবে এটি মশার মাধ্যমে কয়েকটি ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে প্রাকৃতিকভাবে এ ব্যাকটেরিয়া থাকে। তবে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভার (পীতজ্বর) ছড়ানোর জন্য দায়ী এডিস ইজিপ্টাই মশার শরীরে সাধারণত ওলবাকিয়া থাকে না।

গবেষকরা ওই ব্যাকটেরিয়া প্রবেশ করানো মশাগুলো অবমুক্ত করার পর দৈবচয়ন ভিত্তিতে ৫ হাজার ৭০০ শিশুর শরীরে ডেঙ্গুর উপসর্গ পরীক্ষা করেন। যেসব এলাকায় ওলবাকিয়াবাহী মশা ছাড়া হয়েছিল এবং যেসব এলাকায় কীটনাশক ছিটানোর মতো প্রচলিত ব্যবস্থা নেওয়া হয়েছিল উভয় এলাকার শিশুরাই এ পরীক্ষার আওতায় ছিল। যাদের শরীরে কোনো উপসর্গ ছিল না, তাদের শনাক্ত করতেও পরীক্ষা চালানো হয়। এমন রোগী শনাক্ত করতে মশা, এঁটেল পোকা ও বেলেমাছির মাধ্যমে ছড়ানো আরও বেশ কিছু রোগের পরীক্ষাও চালান গবেষকরা।

নিয়মিত রক্ত পরীক্ষায় দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা এলাকার মাত্র ৪ শতাংশ শিশুর শরীরে সংক্রমণ পাওয়া গেছে। অন্য এলাকার ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ। গবেষণায় আরও দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ ও চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বিশ্বে ডেঙ্গু সংক্রমণের দিক থেকে ব্রাজিল অন্যতম শীর্ষ দেশ। বিশ্বে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় ১০ শতাংশই দেশটিতে শনাক্ত হয়। ঘনবসতিপূর্ণ বেলো হরিজন্তে শহরে গবেষণার সময় ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব চলছিল। এ পরিস্থিতি ওলবাকিয়া পদ্ধতির কার্যকারিতার আরও প্রমাণ দিয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সম্মেলনে গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

ওলবাকিয়া পদ্ধতির ব্যবহার কি এই প্রথম : না। ওলবাকিয়া পদ্ধতির ব্যবহার নতুন নয়। এ পদ্ধতি নিয়ে কাজ শুরু করে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি)। সংস্থাটি দীর্ঘদিন ধরে ‘ওলবাকিয়া মসকিটো রিলিজ প্রজেক্ট’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে। ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় কলম্বিয়ার আবুরা উপত্যকা এবং ব্রাজিলের নিতেরই শহরসহ বিভিন্ন এলাকায় কাজ করা হয়েছে। এসব এলাকার মোট জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। সংস্থাটির তথ্য অনুযায়ী, গবেষণায় অন্তর্ভুক্ত প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে।

গবেষকরা বলছেন, এ পদ্ধতি নিজে থেকেই দীর্ঘদিন কার্যকর থাকতে পারে। মশা মারতে কীটনাশক ছিটানোর প্রচলিত পদ্ধতির তুলনায় এটি পরিবেশের জন্যও কম ক্ষতিকর। কারণ কীটনাশক ছিটানোর পদ্ধতি ব্যয়বহুল এবং বিষাক্ত হতে পারে।

গবেষকদের মূল লক্ষ্য, গবেষণার জন্য নির্ধারিত এলাকায় ওলবাকিয়াবাহী মশার স্থায়ী জনগোষ্ঠী গড়ে তোলা। ডব্লিউএমপির কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে কাজ করেছেন বিজ্ঞানীরা। তারা বিভিন্ন এলাকায় পূর্ণবয়স্ক মশা অবমুক্ত করেছেন। কোথাও আবার খাবার সরবরাহের জন্য ব্যবহৃত টেকওয়ে বাক্সে মশার ডিম রেখে এসেছেন। তাদের আশা, এসব ডিম থেকে মশা জন্ম নেবে এবং স্থানীয় মশার সঙ্গে মিশে যাবে। সময়ের সঙ্গে ওলবাকিয়াবাহী মশার বংশবিস্তার ঘটবে এবং ওই এলাকায় তাদের স্থায়ী গোষ্ঠী গড়ে উঠবে।