সে আমার  সন্তান

বাণিজ্যিক গানের পাশাপাশি মাঝেমধ্যেই বিষয়ভিত্তিক গান করতে দেখা যায় সংগীতশিল্পী কাজী শুভকে। এবার সামাজিক সচেতনতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ, ভালোবাসার বার্তা নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন আরেকটি নতুন গান নিয়ে। শুভর নতুন এই গানের শিরোনাম ‘সে আমার সন্তান’। আগামী ১ ডিসেম্বর তার নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

গানটির ভাবনা ও প্রেক্ষাপট তুলে ধরে কাজী শুভ জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজ ও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা, আন্তরিকতা ও ভালোবাসা দেখানো প্রত্যেকের দায়িত্ব। এই বোধ থেকেই তিনি গানটি তৈরি করেছেন। শিল্পীর প্রত্যাশা, গানটি শ্রোতাদের মনে নাড়া দেবে এবং এই শিশুদের প্রতি দায়িত্ববোধ আরও দৃঢ় করবে।

‘সে আমার সন্তান’ গানটির কথা লিখেছেন জাকিউল হাই দিপু। গানটির সুর করেছেন কাজী শুভ নিজেই এবং সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন আহমেদ সজিব।