দক্ষ কর্মী গড়তে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ বাংলাদেশি কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।’

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন এই আশা করি।’

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচিত করা হয়েছে।

তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান। এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে। এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে  সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এই খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।