যে কারণে মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে

বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মূল্য দিতে হচ্ছে বলে মনে করছে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। বাংলাদেশের নেওয়া এ সংক্রান্ত কার্যক্রম, নীতি ও পদক্ষেপকে দায়ী করে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। গৃহীত নানা পদক্ষেপের মধ্যে চীন থেকে বাংলাদেশের পণ্য আমদানিকেও কারণ হিসেবে তুলে ধরেছে ইউএসটিআর।

গত মার্চ থেকে তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে ইউএসটিআর। তদন্ত শুরুর পর বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের এ খাতগুলোর বিস্তারিত তুলে ধরে ইউএসটিআরের কাছে। এ নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে বলে জানা গেছে। 

এদিকে বাংলাদেশসহ মোট ১৪টি দেশের ওপর এ ধরনের নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও জাপানের ওপর নতুন শুল্ক প্রস্তাব করা হয়েছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রাকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক প্রস্তাব তুলে ধরা হয়। এতে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। যেখানে উৎপাদন শিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কার্যক্রম, নীতি ও পদক্ষেপকে অযৌক্তিক বলা হয়েছে। যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

ইউএসটিআরের প্রতিবেদনে চীন থেকে বাংলাদেশের পণ্য আমদানি ও বিনিয়োগকে দায়ি করা হয়েছে। যার প্রভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উৎপাদনের সুযোগ কমে যাওয়ায় তা দেশটির অর্থনীতিতে তাৎক্ষণিক ও ভবিষ্যৎ উভয় ধরনের প্রভাব ফেলছে। এর মধ্যে রয়েছে বিক্রি, উৎপাদন ও রপ্তানি কমে যাওয়া এবং মজুরি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব।

প্রতিবেদনে বলা হয়েছে, নন-মার্কেট ইকোনমির (এনএমই) দেশ চীন থেকে বাংলাদেশের আমদানি এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করছে। চীনের মতো এনএমই দেশ থেকে উৎপাদনের উপকরণ আমদানি বেড়ে যাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হচ্ছে। একইসঙ্গে এসব উপকরণ ব্যবহার করে বাংলাদেশের পরবর্তী ধাপের উৎপাদিত পণ্যগুলোর কৃত্রিম প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ছে। 

এ ছাড়া চীন থেকে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতার কারণে বাংলাদেশের শিল্পকারখানার মাধ্যমে চীন তাদের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে। বাংলাদেশের এমন নীতি ও পদক্ষেপ কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন সৃষ্টি, টিকিয়ে রাখা বা বাড়াতে ভূমিকা রাখে, সেগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত বা সীমিত করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রির সুযোগ কমছে এবং পণ্য রপ্তানি কমছে।

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের উৎপাদন সংশ্লিষ্ট মধ্যবর্তী পণ্য আমদানি ৭ বিলিয়ন ডলার বা ৬৮ শতাংশ বেড়েছে। এসব পণ্যের মধ্যে পোশাক খাতের যন্ত্রপাতি, কাপড় ও অন্যান্য উপকরণ রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য ব্যবহার করে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানিতে চীনের মূল্য সংযোজনের অংশ ২০১৭ সালের আড়াই শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ১১ দশমিক ২ শতাংশ হয়েছে।

এ বিষয়ে সরকারিভাবে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার কৌশল হিসেবে দেখছেন তিনি। এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, তাদের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটা মূল অংশ ট্রেড পলিসি। ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবে তারা নিয়েছে এই ট্যারিফ এগ্রিমেন্টগুলো। এখানে স্কোপ আছে, যেখানে কিছু জিনিস আমরা আনজাস্টিফায়েড মনে করি এটা নিয়ে কথা বলারও সুযোগ আছে। আগামী ২৫ জানুয়ারি এ সংক্রান্ত আলোচনার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে। এ জন্য এই পদক্ষেপ নেওয়া হলে তার চাপটাও আসবে এই খাতের ওপর। কারণ প্রতিযোগী দেশগুলোর চেয়ে রপ্তানির খরচ বেড়ে যেতে পারে। যদিও প্রতিযোগী বেশ কিছু দেশের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

ইউএসটিআরের প্রতিবেদন সম্পর্কে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, ‘নতুন শুল্কহার কীভাবে কার্যকর করা হচ্ছে, তার ওপর শুল্কের প্রভাব অনেকটাই নির্ভর করবে। যদি এই শুল্ক আগের কোনো শুল্কহারকে প্রতিস্থাপন করে, তাহলে বড় ধরনের কোনো সমস্যা হবে না।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপর তুলনামূলক বেশি শুল্ক আরোপ করা হলে বাংলাদেশ আপেক্ষিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতা ও সংলাপ অব্যাহত রাখাতে হবে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা অতিরিক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতাও ক্রমাগত বাড়ছে বলেই মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান প্রতিযোগীসহ ১৪টি অর্থনীতির জন্য ভিন্ন ভিন্ন শুল্কহার প্রস্তাব করেছে। প্রস্তাবিত হার অনুযায়ী, ভারতের ওপর ২৫ শতাংশ, চীনের ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

যুক্তরাষ্ট্র এমন সময় এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যখন কিনা বাংলাদেশ দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। বাণিজ্য ঘাটতি কমাতে সরকারিভাবে কয়েক বিলিয়ন ডলারের গম আমদানি, বোয়িং কেনার চুক্তি, বেসরকারিভাবে সয়াবিন আমদানিসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অনুকূলে। 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, একজন কারখানার মালিক তার রপ্তানি চাহিদা অনুযায়ী বিনিয়োগ করে উৎপাদন সক্ষমতা বাড়ায়। চাহিদা কমে গেলেও সেই সক্ষমতা থেকে যায়। এ প্রেক্ষাপটে অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি ও বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক।