রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে মগবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির মতিঝিল বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মগবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেপ্তার দাদুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গ্রেপ্তারের পর এমদাদুল হক দাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।