কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত দুজনই জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কারিগরি কর্মী ছিলেন। কুয়েতের সামরিক বাহিনীর ব্যবহৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজ করার সময় তাঁরা হামলার শিকার হন। খবর আনাদোলু এজেন্সি।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতে ড্রোন হামলা ও এর ফলে সৃষ্ট বিস্ফোরণের ঘটনা দেশটিতে অবস্থিত ইতালির দূতাবাসের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিস্ফোরণে ওই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে রাইনমেটাল ইতালিয়ার দুই ইতালীয় কারিগরি কর্মী কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শনাক্তকরণ অ্যানটেনার রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। তাঁরা দুজনই প্রাণ হারিয়েছেন।’
ইতালির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্রাসেলসে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মেলোনি লেখেন, ‘ইউরোপীয় কাউন্সিলের বৈঠক চলাকালে কুয়েতে হামলায় দুই ইতালীয় নাগরিকের প্রাণহানির খবর পেয়েছি। আমার নিজের এবং সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই হামলায় ক্ষতিগ্রস্ত সবাই ও তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি।’
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এদিকে কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ইতালির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানির মধ্যে টেলিফোনে কথা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন আরাগচি। একই সঙ্গে ইতালির সরকার ও জনগণের প্রতি সমবেদনা ও সংহতি জানান তিনি।
হামলার জন্য ইরানকে দায়ী করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে আরাগচি বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর দেশের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, হামলার উৎস ও এর পেছনে দায়ীদের শনাক্ত করতে এবং ঘটনার সব দিক উদ্ঘাটনে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের ড্রোন হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয়েছে। প্রাথমিক খবরে হামলায় চারজন আহত হওয়ার কথা জানানো হয়। তাঁদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।