দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই পাঠদান শুরু করতে যাচ্ছে। রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী ও ঠাকুরগাঁও নতুন এই মেডিকেল কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা থেকে আরও জানা গেছে, গত ২২ নভেম্বর (রবিবার) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
একইভাবে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।
তাছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন পুনর্নিধারণের অংশ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।