‘স্যান্ডপেপার গেট’ বিতর্কের সেই পুরোনো অধ্যায়ের জট খুলতে এবার স্বাধীন ফোরামের আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৩০ বছরের বেশি আইনি ও তদন্ত অভিজ্ঞতাসম্পন্ন জ্যেষ্ঠ আইনজীবী ফিওনা ম্যাকলিওড এও এসসি-র নেতৃত্বে ছয় সপ্তাহব্যাপী এই ফোরামে অংশগ্রহণ ঐচ্ছিক রাখা হয়েছে এবং প্রত্যেকের ব্যক্তিগত বক্তব্য সম্পূর্ণ গোপন রাখার ঘোষণা দেওয়া হয়েছে, তবে ফোরামের পরিধি বাড়িয়ে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পাশাপাশি ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজকেও এর আওতায় আনা হয়েছে।
আজ শুক্রবার ঘোষিত নীতিমালায় সিএ স্পষ্ট করেছে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা খেলোয়াড়, কোচ ও স্টাফরা চাইলে লিখিতভাবে, সরাসরি কিংবা অনলাইনে ম্যাকলিওডের কাছে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন; এমনকি না অংশ নিলেও কারও বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা নেওয়া হবে না।
ব্যক্তিগত জবানবন্দি বোর্ড বা জনসম্মুখে প্রকাশ না করে কেবল অংশগ্রহণকারীর সংখ্যা, মূল বিষয়বস্তু এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করবেন ম্যাকলিওড, যা হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে বোর্ড। সে হিসাবে ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে, অস্ট্রেলিয়া দলের ভারত সফরের সময় প্রতিবেদনটি সামনে আসতে পারে।
ফোরামের আলোচনা কেবল ২০১৭-১৮ মৌসুমের বল ব্যবস্থাপনা, ২০১৮ দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্ট, ২৪ মার্চের কেপটাউন ঘটনা এবং তৎকালীন সিএ তদন্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে; এর আগের বা পরের কোনো ঘটনা এখানে টানা হবে না। ২০১৭-১৮ অ্যাশেজে বলের ‘কোয়ার্টার সিম’ নিয়ে উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক স্মৃতিচারণার পর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার কুক, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে ভিন্ন কৌশল ব্যবহারের সন্দেহ তুলেছিলেন। ২০১৯ সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতে কুক লিখেছিলেন, ‘উদযাপনের মাঝে কয়েক পেগ বিয়ার পানের পর ডেভিড ওয়ার্নার উল্লেখ করেছিলেন, প্রথম শ্রেণির একটি ম্যাচে বলের ক্ষয় ত্বরান্বিত করতে তিনি হাতের স্ট্র্যাপিংয়ে বিশেষ পদার্থ লাগিয়ে ব্যবহার করতেন। আমি স্টিভ স্মিথের দিকে তাকালাম, আর স্মিথ এমন এক দৃষ্টি দিলেন যার অর্থ—‘ওহ, তোমার এটা বলা উচিত হয়নি।’
তবে এই ফোরাম কারও দায় নির্ধারণ, পুরোনো শাস্তি পুনর্বিবেচনা কিংবা নতুন কোনো আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নয়, বরং কেবল তথ্য সংগ্রহ ও শোনার একটি মাধ্যম হিসেবে কাজ করবে। নিরাপদ পরিবেশে সংশ্লিষ্টদের কথা শোনার গুরুত্ব তুলে ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘স্বাধীন ফোরামের নেতৃত্ব দিতে সম্মত হওয়ায় আমরা ফিওনা ম্যাকলিওড এও এসসি-র প্রতি কৃতজ্ঞ, যা ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা টেস্ট সফরের সব খেলোয়াড় ও স্টাফকে নিজেদের কথা বলার সুযোগ দিতে তৈরি করা হয়েছে। এটি তাঁদের জন্য নিরাপদ পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরার এবং সেই সফর ও পরবর্তী তদন্ত সম্পর্কে সিএ বোর্ডকে প্রাসঙ্গিক তথ্য দেওয়ার একটি সুযোগ।’
ফোরাম ঘিরে ক্রিকেটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উসমান খাজা শুরুতে সব বক্তব্য প্রকাশ্যে আনার দাবি তুলেছিলেন এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে তিনিও ফোরাম নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন; চার হাজার শব্দের নিবন্ধে নিজের অভিজ্ঞতা লেখার পরও ক্যামেরন ব্যানক্রফট এতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন, তবে চ্যাড সেয়ার্স দ্বিধায় রয়েছেন। অস্ট্রেলীয় রেডিও ‘এসইএন’-কে সেয়ার্স বলেন, ‘যদি তারা নির্দিষ্ট কিছু অংশ বাদই দিতে চায়, তবে এর মানে কী... আমি কী করব তা নিয়ে নিশ্চিত নই। আমি প্রকাশ্য ফোরামে কথা বলেছি, তাই এ বিষয়ে আমার আর তেমন কিছু বলার নেই।’
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং সম্পর্কে দলের জানাশোনা নিয়ে খাজার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ফোরামকে পূর্ণ সমর্থন দিয়েছেন।
পুরোনো বিতর্কের ধুলো ঝেড়ে নতুন করে কোনো শাস্তির পথে না হেঁটে সত্য ও অভিজ্ঞতা শোনার এই উদ্যোগ অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভেতরকার অস্বস্তি কতটা কাটাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।