‘জুলাই সনদের প্রশ্নে সরকারই ঐক্যের পথে বাধা’: পরওয়ার

গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, শিল্পমালিকদের এ কথা সত্য। তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে।’ শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার এবং অসুস্থতার সময় চিকিৎসা নিশ্চিত করতে পারে না, এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেন, ‘বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে।’ সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করেন তিনি। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তবে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। ‘দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না,’ বলেন তিনি।

জাতীয় ঐক্যের বিষয়ে তার দাবি, প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। গোলাম পরওয়ার বলেন, ‘৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না।’ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ সংগঠনের নেতারা।

বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে।’ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের অগ্রণী ভূমিকা এবং আধিপত্যবাদী শক্তির প্রভাব মোকাবিলায় শ্রমিক-জনতার ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রম খাতগুলোতে শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তির শর্ত প্রকাশের আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।’ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, নৈতিকতার বিকাশ এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর জোর দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার ও আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাউন্সিলরদের অংশগ্রহণে ২০২৭-২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় মহানগর সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।