ফিলিস্তিনি ব্যানার ঘিরে গ্যালারিতে সংঘর্ষ, ৩০ মিনিট বন্ধ খেলা 

ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ও পতাকা প্রদর্শন ঘিরে গ্যালারিতে জর্জিয়ার পুলিশের সঙ্গে বেসিকতাস সমর্থকদের সংঘর্ষের জেরে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে ইউরোপা লিগের ম্যাচ, যা শেষ পর্যন্ত গড়িয়েছে দুই দেশের কূটনৈতিক পর্যায়েও। বৃহস্পতিবার জর্জিয়ার বাতুমির নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার বিপক্ষে এই ম্যাচে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর খেলা শুরু হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তুরস্কের ক্লাব বেসিকতাস।

নিরাপত্তা শঙ্কার কারণে তুরস্কের ইস্তাম্বুলে ম্যাচটি আয়োজন সম্ভব নয় জানানোয় ভেন্যু পরিবর্তন করে বাতুমিতে ম্যাচটি সরিয়ে নিয়েছিল উয়েফা, আর হাপোয়েলের আগের দুটি অ্যাওয়ে ম্যাচের বিপরীতে এই খেলায় গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ‘আনাদোলু এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর আগে হাপোয়েল খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান বেসিকতাসের ফুটবলাররা। এরপর গোলশূন্য অবস্থায় ম্যাচের ২৬তম মিনিটে গ্যালারিতে বেসিকতাস সমর্থকেরা ফিলিস্তিনি ব্যানার ও পতাকা উঁচিয়ে ধরে ইসরায়েলবিরোধী স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তুরস্কের সম্প্রচারমাধ্যম ‘হাবেরতুর্ক’ ও ‘এনটিভি’ জানায়, জর্জিয়ার পুলিশ গ্যালারিতে ঢুকে সমর্থকদের ওপর পেপার স্প্রে ব্যবহার করলে সংঘর্ষ বাধে এবং রেফারি মর্টেন ক্রগ খেলা সাময়িকভাবে স্থগিত করেন। প্রায় আধা ঘণ্টার অচলাবস্থার পর বেসিকতাসের ফুটবলার ও ক্লাবের ফুটবল পরিচালক ওন্দের ওজেন গ্যালারিতে গিয়ে সমর্থকদের শান্ত করলে পুনরায় খেলা শুরু হয়। গ্যালারির এই ঘটনার জেরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোতচোরিশভিলির সঙ্গে ফোনে কথা বলেন এবং তিবলিসিতে অবস্থিত তুর্কি দূতাবাস ও বাতুমি কনস্যুলেটের কর্মকর্তারা স্টেডিয়ামে ছুটে যান।

সমর্থকদের ওপর পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসিকতাস ও তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। এক বিবৃতিতে বেসিকতাস ক্লাব জানায়, ‘আমাদের সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সব সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন। টিএফএফের বিবৃতিতে বলা হয়, ‘জর্জিয়ায় উয়েফা ইউরোপা লিগে আমাদের প্রতিনিধি বেসিকতাস ও হাপোয়েল বিয়ার-শেভার মধ্যকার ম্যাচের আগে এবং চলাকালে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে বেসিকতাস সমর্থকদের প্রতি যে অগ্রহণযোগ্য মনোভাব, আচরণ ও পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’ 

মাঠের বাইরের এই তুমুল নাটকীয়তার পর নির্ধারিত সময়ের শেষ ভাগে জমে ওঠে মাঠের লড়াই, ৭৫তম মিনিটে জুনিয়র ওলাইতানের গোলে এগিয়ে যায় বেসিকতাস, আর নির্ধারিত ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওরকুন কোকচু। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাভন ইস্ট হাপোয়েলের হয়ে একটি গোল শোধ করলেও তুরস্কের ক্লাবটির জয় আটকাতে পারেননি; গ্যালারির উত্তাপ আর কূটনৈতিক টানাপোড়েন ছাপিয়ে শেষ হাসি হাসে বেসিকতাসই।