ছুটির দিনে জমজমাট জাতীয় এসএমই পণ্য মেলা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। পরিবার-পরিজন নিয়ে মেলায় আসছেন অনেকে। কেউ ঘুরে দেখছেন দেশীয় পণ্যের বাহারি আয়োজন, কেউ পছন্দের পণ্য কিনছেন। দর্শনার্থীদের বাড়তি উপস্থিতিতে স্টলগুলোতেও বেড়েছে বিক্রির ব্যস্ততা। সব মিলিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের এই মিলনমেলা জমে উঠেছে ছুটির দিনের ভিড়ে।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, দেশীয় পোশাক, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী, নকশিকাঁথা, গৃহসজ্জার উপকরণ, খাদ্যপণ্য ও নানা ধরনের শৌখিন সামগ্রী নিয়ে বসেছেন উদ্যোক্তারা। প্রতিটি স্টলে বিক্রেতারা তাঁদের পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরছেন। ক্রেতারা পণ্যের মান, নকশা ও দাম যাচাই করে কিনছেন পছন্দের সামগ্রী। হাতে তৈরি পণ্য, পোশাক এবং ঘর সাজানোর জিনিসের স্টলগুলোতে বিশেষ ভিড় চোখে পড়েছে।

এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রয়েছে চার শতাধিক স্টল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত। সাত দিনব্যাপী এই মেলা আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা মূল্যে মেলা ঘুরে দেখার সুযোগ রয়েছে। 

 

মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে তরুণ-তরুণী, নারী ও পরিবার নিয়ে আসা ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই দেশীয় পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাদের কেউ প্রয়োজনীয় জিনিস কিনছেন, কেউ আবার পণ্য দেখে ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছেন। বিভিন্ন স্টলে ক্রেতারা পণ্যের উপকরণ, তৈরির পদ্ধতি ও দাম সম্পর্কে জানতে চাইছেন। এতে কেনাকাটার পাশাপাশি উৎপাদক ও ক্রেতার সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।

মেলায় কেনাকাটা করতে আসা খাদিজা খাতুন দেশ রূপান্তরকে বলেন, ‘এখানে একই জায়গায় বিভিন্ন ধরনের দেশীয় পণ্য দেখার সুযোগ রয়েছে। অনেক পণ্যই সাধারণ বাজারের তুলনায় আলাদা নকশা ও বৈশিষ্ট্যের। পছন্দের কয়েকটি পণ্য কিনেছি। দেশীয় উদ্যোক্তাদের পণ্য কেনার মাধ্যমে তাদেরও উৎসাহ দেওয়া যায়।’


আরেক ক্রেতা বলেন, ‘মেলায় ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ রয়েছে। বিশেষ করে হাতে তৈরি পণ্যগুলো ভালো লেগেছে। পণ্যের মান ও দাম বিবেচনা করে কেনাকাটা করছি।’

ছুটির দিনে ক্রেতাদের বাড়তি উপস্থিতিতে সন্তুষ্ট উদ্যোক্তারাও। তাদের মতে, মেলার শুরু থেকেই দর্শনার্থীরা আসছেন, তবে ছুটির দিনে ভিড় বেড়েছে। এতে পণ্য বিক্রির সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি নতুন ক্রেতাদের কাছে পণ্য পরিচিত করানোও সহজ হচ্ছে। ক্রেতারা সরাসরি পণ্য দেখতে ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে পারছেন, যা অনলাইন বিক্রির ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না।

 

হলিক্রাফটসের এক নারী উদ্যোক্তা দেশ রূপান্তরকে বলেন, ‘সারা বছর অনলাইনে ও নিজস্ব উদ্যোগে পণ্য বিক্রি করি। মেলায় সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়। তারা পণ্যের মান, দাম ও তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। শুক্রবার ক্রেতাদের উপস্থিতি বেশি থাকায় বিক্রিও ভালো হচ্ছে।’

আরেক বিক্রেতা বলেন, ‘এ ধরনের মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রতিষ্ঠানের মতো আমাদের প্রচারের সুযোগ নেই। মেলার মাধ্যমে একদিকে পণ্য বিক্রি হচ্ছে, অন্যদিকে নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হচ্ছে। অনেকে পণ্য পছন্দ করে ভবিষ্যতে অনলাইনে অর্ডার দেওয়ার আগ্রহও দেখাচ্ছেন।’

উদ্যোক্তারা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বাজারজাতকরণ। অনেকের পণ্যের মান ভালো হলেও পর্যাপ্ত প্রচার ও বিক্রির ব্যবস্থা না থাকায় তারা প্রত্যাশিত বাজার পান না। এসএমই মেলার মতো আয়োজন তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। পাশাপাশি ক্রেতারাও সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য কিনতে পারেন এবং পণ্য তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন।

এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম  দেশ রূপান্তরকে বলেন, দেশের কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশীয় শিল্পের বিকাশে নিয়মিত এ ধরনের মেলা আয়োজন প্রয়োজন।

ছুটির দিনে ক্রেতাদের বাড়তি উপস্থিতি দেখে উদ্যোক্তারা আশা করছেন, মেলার শেষ দিন শনিবারও দর্শনার্থীর সংখ্যা বাড়বে। তাদের প্রত্যাশা, মেলায় পণ্য বিক্রির পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পরিচিত হবে।