অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় জাতীয় স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে কৌশলগত অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছে সরকার।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার পরিবর্তনের মধ্যে জাতীয় স্বার্থ সুরক্ষায় বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারত্ব বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে জার্মানিসহ দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। মানবিক ও সামাজিক উন্নয়ন এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রেও অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বৈশ্বিক উত্তর ও দক্ষিণের দেশগুলোর মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ প্রস্তুত। দেশটি গণতন্ত্র, বহুপাক্ষিকতাবাদ, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিশ্বের বিভিন্ন মানবিক সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার টেকসই প্রত্যাবাসন এবং এ সংকটে আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠকে বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।