গাজায় ইসরায়েলি হামলায় মন্ত্রীসহ নিহত ১০

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে হামাস।

গত বৃহস্পতিবার হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা সহ্য করার অবস্থায় নেই তার সংগঠন।

এক বছরের যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির নিয়োগ দেওয়া শিক্ষা উপমন্ত্রী ছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ ছিল এ হামলা।

গত এক মাসে ইসরায়েল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।

ইসরায়েলি হামলায় গত মঙ্গলবারের পর থেকে তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হিসেবে আবু নাদা নিহত হলেন।