দেশের আরচারিকে বিশ্বসেরা দশে নিতে চাই

যে পথ দেখায়, সে থাকে সবার আগে। সাম্প্রতিক সময়ে নির্বাচনহীন ক্রীড়াঙ্গনে (বিওএ, ক্রিকেট ও ফুটবল বাদে) সবার আগে নির্বাচনের আয়োজন করে আলোচনায় আসে আরচারি। আর ৩০ নভেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আবারও দেশের আরচারির নেতৃত্বে আসছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের আরচারির উন্নয়নে ৭ বছরের মহাপরিকল্পনা, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা

বৃদ্ধি, দক্ষ কোচ তৈরি এবং সাংগঠনিক উন্নয়ন নিয়ে তার ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন সিনিয়র রিপোর্টার ওমর ফারুক রুবেল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্বকে কীভাবে দেখছেন?

কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল : এটি আমার জন্য আনন্দের পাশাপাশি অনেক বড় দায়িত্বের বিষয়। আরচারির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই খেলাটিকে বাংলাদেশে একটি শক্ত অবস্থানে নিয়ে আসার জন্য আমরা অনেক দিন ধরে কাজ করছি। কাউন্সিলররা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেটির প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। ব্যক্তিগতভাবে পদ-পদবির চেয়ে আরচারির উন্নয়নই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

৩০ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচিত নতুন কমিটি নিয়ে আপনার প্রধান লক্ষ্য কী?

চপল : আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক আরচারিতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া। আমরা চাই, বাংলাদেশ একসময় বিশ্বের শীর্ষ ১০টি আরচারি দেশের মধ্যে জায়গা করে নিক। এটি উচ্চাভিলাষী লক্ষ্য হলেও অসম্ভব নয়। সে জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষ জনবল, আধুনিক প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের ধারাবাহিক উন্নয়ন।

এই লক্ষ্য অর্জনে ৭ বছরের মহাপরিকল্পনার কথা বলেছেন। পরিকল্পনায় কী থাকছে?

চপল : আরচারির উন্নয়নকে আমরা স্বল্পমেয়াদি কোনো বিষয় হিসেবে দেখছি না। আমাদের ৭ বছরের একটি মহাপরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার আওতায় খেলোয়াড় তৈরি, প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষ কোচের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। শুধু জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে এগোলে হবে না,

তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের তৈরি করতে হবে।

আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য ধরে রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন কোন জায়গায়?

চপল : খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানো সবচেয়ে জরুরি। একজন আরচারকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে দীর্ঘ সময় অনুশীলন করতে হয়। তার জন্য উপযুক্ত পরিবেশ, প্রশিক্ষণ সরঞ্জাম, দক্ষ কোচ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

গত কয়েক বছরে বাংলাদেশের আরচারির অর্জনকে কীভাবে মূল্যায়ন করবেন?

চপল : গত ২৫ বছরে বাংলাদেশের আরচারি অনেক দূর এগিয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের পদক অর্জন, অলিম্পিক ও যুব অলিম্পিকে অংশগ্রহণ এবং বিভিন্ন আসরে ভালো পারফরম্যান্স এই অগ্রগতির প্রমাণ। তবে আমরা অর্জন নিয়েই সন্তুষ্ট থাকতে চাই না। আমাদের সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত সাফল্য পাওয়ার মতো দল গড়ে তুলতে হবে।

ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আনতে চান?

চপল : একটি ফেডারেশনকে স্বচ্ছতা, জবাবদিহি ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালনা করতে হয়। নির্বাচিত কমিটির প্রত্যেক সদস্যের দায়িত্ব রয়েছে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আরচারির স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ফেডারেশনের কার্যক্রমে শৃঙ্খলা ও পেশাদারত্ব নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।

দেশের তরুণ আরচারদের জন্য আপনার বার্তা কী?

চপল : তরুণরাই বাংলাদেশের আরচারির ভবিষ্যৎ। তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শৃঙ্খলার সঙ্গে অনুশীলন চালিয়ে যেতে হবে। ফেডারেশন তাদের পাশে থাকবে। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও নতুন নতুন প্রতিভা উঠে আসুক। তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করতে চাই।

সবশেষে আপনার স্বপ্নের বাংলাদেশের আরচারি কেমন হবে?

চপল : আমার স্বপ্ন, বিশ্ব আরচারিতে বাংলাদেশ একটি পরিচিত ও সম্মানজনক নাম হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা নিয়মিত পদকের জন্য লড়াই করব। বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বমঞ্চে দেশের পতাকা উঁচু করে ধরবে। বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে জায়গা করে নেওয়াই আমাদের বড় লক্ষ্য। এই স্বপ্ন বাস্তবায়নে সরকার, ফেডারেশন, কোচ, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা থাকলে বাংলাদেশ আরচারিকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।