দুঃসময় কাটছে না নাহিদ রানার

চোটের ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। পুনর্বাসন শেষে বোলিংয়েও ফিরেছিলেন বাংলাদেশের এ গতিতারকা। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই আশায় আবারও বাধা হয়ে দাঁড়াল অসুস্থতা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ বছর বয়সী এ পেসার।

গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বাংলাদেশের এ পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিজের সামাজিক মাধ্যমেও অসুস্থতার খবর জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাহিদ।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি এলো এমন একসময়ে যখন মাঠে ফেরার প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছিলেন এ পেসার। সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলেন তিনি। এরপর চোটের কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। শুরুতে পেশির চোটে ভুগলেও পরবর্তী সময়ে পিঠের নিচের অংশ ও নিতম্বে ব্যথা অনুভব করেন। চোটের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিসিবি থেকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয় তাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন শেষে সেখানে বোলিংও শুরু করেন নাহিদ। তখন ব্যথা না থাকায় আশাবাদী হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা।

কিন্তু ডেঙ্গু সেই পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সুস্থ হওয়ার পর ফিটনেস পরীক্ষার দেবেন নাহিদ। এরপর তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি ও টিম ম্যানেজমেন্ট।