‘অবাস্তব ভাবনা’ থেকে সরছে বিসিবি

ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্বপ্ন বাস্তবায়নে নকশা প্রণয়ন, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ থেকে শুরু করে কয়েকশ কোটি টাকার পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও স্টেডিয়াম নির্মাণের কাজে দৃশ্যমান অগ্রগতি হয়নি। নকশা ও ব্যয়ের হিসাব নিয়ে তৈরি জটিলতাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বিসিবি। শুরুতে যে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯০০ কোটি টাকা, তা একপর্যায়ে দেড় হাজার কোটি ছাড়িয়ে যায়। সর্বশেষ পপুলাসের তৈরি নকশা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় দাঁড়ায় ৩ হাজার কোটি টাকার বেশি। এত বড় বিনিয়োগের পথে হাঁটতে চায় না বর্তমান বোর্ড। তাই আপাতত পূর্ণাঙ্গ স্টেডিয়ামের উচ্চাভিলাষী পরিকল্পনা থেকে সরে এসে খেলার উপযোগী দুটি মাঠ তৈরিতে হাত দিচ্ছে।

আজ মিরপুরে দুপুর ২টায় বসছে বিসিবির চলতি পরিচালনা পর্ষদের পঞ্চম সভা। সেখানে অন্যতম আলোচ্য বিষয় পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। জানা গেছে, আপাতত সেখানে দুটি মাঠ প্রস্তুত করতে চায় বোর্ড। যেখানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ডোমেস্টিক থ্রির মতো ঘরোয়া টুর্নামেন্টগুলো আয়োজন করা যাবে। এর মধ্যে একটি মাঠে ফ্লাডলাইট স্থাপনের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিসিবির একজন পরিচালক নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পূর্বাচলের বিষয়ে সর্বশেষ ওয়ার্কিং কমিটির সভায় আমাদের একটা আলোচনা হয়েছে। আমরা সেখানে দুটি মাঠের ব্যবস্থা নিচ্ছি। সঙ্গে দুটো ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা থাকবে।’

পূর্বাচলে স্টেডিয়াম তৈরির প্রকল্পের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। সে বছর ১০ লাখ টাকায় ৩৭ একর জমি পায় বিসিবি। পরিকল্পনা ছিল, সেখানে দুটি মাঠসহ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার। পরবর্তী সময়ে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ‘দ্য বোট’ নামে পরিচিতি পাওয়া প্রকল্পটির জন্য ২০২২ সালের ১২ অক্টোবর আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান পপুলাস পিটিই লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিসিবি। চার বছরের চুক্তিতে প্রথম ছয় মাসে নকশা তৈরি, পরবর্তী ৩০ মাসে নির্মাণ এবং শেষ ১২ মাসে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটির। অথচ চার বছর পূর্ণ হলেও স্টেডিয়াম নির্মাণ তো দূরের কথা, নকশা ও ব্যয় নিয়ে জটিলতাই কাটেনি দুই পক্ষের।

২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এত বড় বাজেটে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে আপত্তি তোলেন সাবেক এই অধিনায়ক। তার বোর্ডের ভাবনা ছিল, পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ না করে জমিটিকে খেলার উপযোগী করে তোলা। কিন্তু তার পর আমিনুল ইসলাম বুলবুল এবং সর্বশেষ তামিম ইকবাল সভাপতি হলে পূর্বাচল নিয়ে আবারও বদলে যায় বোর্ডের ভাবনা। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পরিকল্পনা এবং সম্ভাব্য ভেন্যু হিসেবে পূর্বাচলকে প্রস্তুত করার লক্ষ্য সামনে রেখে নতুন করে স্টেডিয়াম নির্মাণে আগ্রহী হন তামিম। কিন্তু পপুলাসের তৈরি চূড়ান্ত নকশা হাতে আসার পর সেই পরিকল্পনায় আবারও বাধা হয়ে দাঁড়ায় ব্যয়।

এ কারণেই পপুলাসের নকশায় পরিবর্তন চায় বর্তমান বোর্ড। কিন্তু বিসিবির এই প্রস্তাবে সম্মতি দেয়নি পপুলাস। নকশায় পরিবর্তন আনতে হলে নতুন চুক্তি ও আলাদা পারিশ্রমিক দিতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে বোর্ডের আরেকজন পরিচালক জানান, ‘অবাস্তব ভাবনা’ থেকে সরে আসতে চায় তারা। তিনি বলেন, ‘এখন আমরা চুক্তি তো বাতিল করতে পারব না। যে বকেয়া আছে, সেটি পরিশোধ করে নতুন কোনো ঠিকাদারকে দিয়ে তাদের দেওয়া নকশাটি কিছুটা উন্নত করে কাজ করিয়ে নিতে হবে। এ নিয়ে আলোচনা চলছে। কারণ পপুলাসকে দিয়ে কাজ করাতে গেলে অনেক বেশি খরচ হবে। এখন এমন অবাস্তব ভাবনায় যেতে চাই না আমরা।’

নতুন করে কাজ শুরু করতে পরামর্শক নিয়োগের উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে এবার আর বিদেশি নই, দেশের প্রতিষ্ঠানে আস্থা রাখতে চায়। আরেকজন পরিচালক বলেন, ‘আগের নকশার সঙ্গে নতুন করে কিছু বিষয় যুক্ত করে আরও উন্নত পরিকল্পনা করা হবে। আমরা সেখানে এক্সিলেন্স সেন্টার থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রাখতে চাই। তবে এখন কোনো স্টেডিয়ামের কাঠামো হবে না। খেলার উপযোগী দুটি মাঠ হবে।’

ইতিমধ্যে পরামর্শক নিয়োগের কাজও শুরু হবে বলে দাবি তার, ‘প্রথমে পরামর্শক নিয়োগ করা হবে। পরামর্শকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে দরপত্র আহ্বান করা হবে। এ জন্য আহ্বান জানানো হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তাদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা যাচাই করে উপযুক্ত প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।’