ক্ষতিপূরণেও রাজি বিসিবি

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ এখনো বাকি থাকলেও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারায় তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিকল্প কোচ নিশ্চিত হলে চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ দিয়েও সিমন্সকে বিদায় জানাতে প্রস্তুত বোর্ড।

২০২৪ সালের ১৫ অক্টোবর নিয়োগ পান সিমন্স। প্রথম দফায় তার চুক্তি ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। সে হিসেবে চুক্তির মেয়াদ শেষ হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের প্রেক্ষাপটে সেই চুক্তি নিয়েই নতুন করে ভাবছে বোর্ড। সিমন্সের অধীনে শুরুতে কিছু সাফল্য এলেও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বিশেষ করে ব্যাটিং বিভাগ এবং দলীয় ফল প্রত্যাশিত উন্নতি না হওয়ায় প্রধান কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এতে আগামী বিশ্বকাপ ভাবনায় সিমন্সকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি তামিম ইকবাল।

এ নিয়ে নাম প্রকাশ করতে না চাওয়া শর্তে বোর্ডের একজন পরিচালক বলেন, ‘আলোচনা চলছে। যদি উপযুক্ত কাউকে নিশ্চিত করা যায়, তাহলে পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে।’ তবে পরিবর্তন আসছে নিশ্চিত করে আরেকজন পরিচালকের জানান, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রটের সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে। এই পরিচালকের দাবি, ‘ট্রটের সঙ্গে কথাবার্তা চলছে। সভাপতি নিজেই কথা বলছেন। শুনেছি ট্রট নিজেও ইতিবাচক।’ এর পাশপাশি একজন পেস বোলিং কোচ এবং একজন ফিল্ডিং কোচসও খুঁজছে ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই সিমন্সের অধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে তাকে বাদ দিলে জরিমানা গুনতে হবে বিসিবিকে। চুক্তির ধরন অনুযায়ী, পরবর্তী ৩ মাসের বেতন পরিশোধ করতে হবে। এসব হিসেব করেও সিমন্সকে আর রাখতে চায় না ক্রিকেট বোর্ড।