ডা. জুবাইদা জানালেন

প্রাথমিকে মিড ডে মিল পাবে এক কোটি ১০ লাখ শিশু 

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার আয়োজনের দ্বিতীয় দিনে এলেন তারই সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে। চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।