চট্টগ্রামে মিয়া গোলাম পরওয়ার

ঐক্য চাইলে ভোটের গণরায় মেনে নিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ ভাগ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও তার সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন।

চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রের অংশ। সরকারের উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। তাই অবিলম্বে দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।

সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর প্রমুখ।