ফেনীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৫

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে ও চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।