জাতীয় সংলাপে একসঙ্গে অংশ নিতে চায় ১১ দল

সরকারের সঙ্গে প্রস্তাবিত জাতীয় সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্য হিসেবে একসঙ্গে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল। সংলাপে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়টি গুরুত্ব দিতে চায় জোটটি। এ ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আসন্ন সংলাপেও একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে নয়, জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়। সংলাপের তারিখ চূড়ান্ত হলে জোটের শীর্ষ নেতারা বৈঠক করে আলোচ্যসূচি নির্ধারণ করবেন।

ইসির সংলাপ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশনের সংলাপ অর্থবহ করতে ১১ দলের সব শরিককে একসঙ্গে আলোচনায় বসার সুযোগ দিতে হবে। এ জন্য জোটের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দ চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হবে।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, সংসদে এ বিষয়ে নোটিস দেওয়া হলেও সিদ্ধান্ত ছাড়াই আলোচনা থেকে তা বাদ দেওয়া হয়েছে। এ কারণে রাজপথে আন্দোলন করছে ১১ দল।

হামিদুর রহমান আযাদ বলেন, সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছে। জনগণের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠন করে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সংকট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন হলেও মূল দায়িত্ব সরকারের।

বৈঠকে এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এবি পার্টি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বিডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।