তিন দশকে বাংলাদেশের শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। নিম্ন মাধ্যমিকেও বেড়েছে শিক্ষার্থী ধরে রাখার সক্ষমতা। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখনো বড় ঘাটতি রয়েছে। শিক্ষার এ অগ্রযাত্রায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।
সংস্থাটির ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষা খাতের এই চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার প্রসারের পাশাপাশি বাল্যবিবাহ কমা, জন্মহার হ্রাস এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো আর্থসামাজিক পরিবর্তন দীর্ঘমেয়াদি অগ্রগতিতে ভূমিকা রেখেছে।
গত মার্চে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি : কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আওতায় ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব না হলেও বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে বড় সাফল্য দেখিয়েছে।
উচ্চ মাধ্যমিকে পিছিয়ে বাংলাদেশ : উচ্চ মাধ্যমিক শিক্ষায় অগ্রগতি হয়েছে সাম্প্রতিক সময়ে। শিক্ষা সমাপ্তির হারের হিসাবে ১৯৯০-এর দশকে দক্ষিণ এশিয়ার গড় অগ্রগতির তুলনায় বাংলাদেশের অগ্রগতির হার ছিল ৪০ শতাংশ। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৬০ শতাংশ। তবে ২০১৫ সালের পর বাংলাদেশ এ অঞ্চলের চেয়ে দ্রুত এগিয়েছে। তারপরও ২০২৪ সালে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার আনুমানিক ৩৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার ৫৭ শতাংশের তুলনায় অনেক কম।
উচ্চ মাধ্যমিক স্তরের বয়সী তরুণদের স্কুলের বাইরে থাকার হার ২০০৫ সালে ছিল ৭২ শতাংশ। ২০২৩ সালের মধ্যে তা দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৩ শতাংশের নিচে নেমে আসে।