রাজধানীতে আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতা-কর্মীসহ মোট ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৭৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ১৬৫ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৫৪টি ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিএমপি।