উখিয়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

কক্সবাজারের উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় টহল দেওয়ার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও জেলা পুলিশকে সহায়তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি ড্রোন দিয়ে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।