বাসে আগুন দেওয়ার ছবি পোস্ট দিয়ে ধরা যুবক

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আরিফ হোসেন পলাশ নামে এক যুবককে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। 

আটক আরিফ হোসেন পলাশ (৩৪) উপজেলার আরামবাগ গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

ওসি মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ছবি ফেসবুকে পোস্ট করার সূত্র ধরে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসের পেছনের অংশের সিটে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসস্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও পুলিশের সদস্যরা  ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবিরের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন।