১৩ বছর পর বাদ পড়েই গেলেন লায়ন

দীর্ঘ ১৩ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে প্রথম পছন্দের স্পিনারের আসন হারালেন নাথান লায়ন। নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ এই অফস্পিনারের। 

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর স্কোয়াডে বড় রদবদলের পথে হেঁটেছে অস্ট্রেলিয়া; লায়নের পাশাপাশি বাদ পড়েছেন মারনাস লাবুশেন, বো ওয়েবস্টার ও কুপার কনোলি, আর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন আনক্যাপড ব্যাটার জ্যাক ক্লেটন ও অফস্পিনার কোরি রকিচিওলি।

আগামী ৯ ডিসেম্বর অপটাস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে রকিচিওলির অন্তর্ভুক্তি দিয়ে টড মার্ফি ও ম্যাট কুনেম্যানকেও পেছনে ফেলেছেন এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান স্পিনার; চলতি শেফিল্ড শিল্ড মৌসুমে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি তাসমানিয়ার বিপক্ষে প্রথম শ্রেণির শতকও হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে কুইন্সল্যান্ডের হয়ে পাঁচ ম্যাচে ৭৪.৮৩ গড়ে ৪৪৯ রান করা ক্লেটনের অভিষেক অনেকটাই নিশ্চিত, তবে পার্থের কন্ডিশনে চার পেসার খেলালে রকিচিওলির অভিষেকের জন্য অপেক্ষা বাড়তে পারে। 

১৪৫ টেস্ট খেলা ৩৯ বছর বয়সী লায়নকে বাদ দেওয়ার কঠিন বাস্তবতা ব্যাখ্যা করে অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেন,’এটা সবসময়ই চ্যালেঞ্জিং। আপনি পাঁচটি টেস্ট খেলুন বা নাথানের মতো ১৪৫টি, সিদ্ধান্তগুলো কঠিনই হয়। তাঁর ব্যাপারে কখন এই সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করা সহজ ছিল না। দুর্ভাগ্যবশত, সবশেষ কয়েকটি ম্যাচে আমরা যেমন প্রভাব আশা করেছিলাম, তিনি তেমনটা রাখতে পারেননি।’ 

তবে লায়নের টেস্ট অধ্যায় এখানেই শেষ হয়ে গেছে বলে মনে করছেন না বেইলি; আগামী জানুয়ারির শেষ দিকে শুরু হতে যাওয়া ভারত সফরের কথা মাথায় রেখে বেইলি আরও বলেন, ‘আমাদের মনে হয় অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে স্পিনের বেশ ভালো গভীরতা রয়েছে। গ্যাজ (লায়ন) যখন অসাধারণ এক ক্যারিয়ার গড়ছিলেন, তখন তাঁরা আড়ালে কঠোর পরিশ্রম করে গেছেন। আমরা আশা করি এটি তাঁর শেষ নয়। আমরা তাঁর ফেরার পথ দেখছি এবং আমি মনে করি… ভারতের দিকে তাকালে তাঁর অভিজ্ঞতা এখনো বিশাল মূল্য বহন করতে পারে।’

আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর সিডনিতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শিল্ড ম্যাচে ভালো করতে পারলে ১৪তম সদস্য হিসেবে ফেরার সুযোগ রয়েছে লায়নের সামনে; শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড শেষ হওয়ার পর স্কোয়াডে আরও একজন অতিরিক্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। 

তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সন্দিহান সাবেক অজি স্পিনার ব্রাইস ম্যাকগেইন; শুক্রবার গ্যাবায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন এসইএন ক্রিকেটে ম্যাকগেইন বলেন, ‘তাঁর জন্য ফেরার পথ খুঁজে পাওয়াটা সত্যিই খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে।’ 

এদিকে লায়নের পাশাপাশি শিল্ডে ভালো ফর্মে থাকা দুই নতুন মুখের অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেছেন জর্জ বেইলি। ঘরোয়া ক্রিকেটে রকিচিওলির ধারাবাহিকতার প্রশংসা করে বেইলি বলেন, ‘কোরি গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী পারফর্মার এবং তাঁর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে দারুণ মানানসই।’ 

আর জ্যাক ক্লেটনের ব্যাটিং দৃঢ়তা ও চাপ সামলানোর সামর্থ্য তুলে ধরে বেইলি বলেন, ‘ধারাবাহিকতার কারণে সে বেশ কিছুদিন ধরেই রাডারে ছিল এবং কুইন্সল্যান্ডের সতীর্থ ও প্রতিপক্ষদের সাথে কথা বলে জানা গেছে… সে বেশ গোছানো একজন খেলোয়াড়।’ 

অস্ট্রেলীয় গণমাধ্যমগুলোর সূত্রমতে, ওপেনার স্যাম কনস্টাস ও জেক ওয়েদারাল্ড দলে না থাকায় ট্রাভিস হেড ও ম্যাট রেনশর ইনিংস শুরু করা প্রায় নিশ্চিত; আর লাবুশেনের শূন্য হওয়া তিন নম্বর পজিশনে ক্লেটন খেলবেন নাকি স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন বা জশ ইংলিসকে ওপরে তোলা হবে তা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের ব্যাকআপ হিসেবে আছেন স্কট বোল্যান্ড ও মাইকেল নেসার।

এদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডও, যেখানে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি। ভারতের বিপক্ষে ওয়ানডেতে ডান হাত ভেঙে যাওয়ায় সফরকারী দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল স্যান্টনার, তবে সুস্থ হয়ে তিনি এবং পেসার ব্লেয়ার টিকনার পরে দলে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা। টম ল্যাথামের নেতৃত্বাধীন দলে সাতজন পেসারের পাশাপাশি স্পিন সামলাবেন অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাট রেনশ, কোরি রকিচিওলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। (পরবর্তী শেফিল্ড শিল্ড রাউন্ড শেষে স্কোয়াডে আরও একজন অতিরিক্ত ক্রিকেটার যোগ করা হবে।)

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রোর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।