ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ), যা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ নামেও পরিচিত, এর দুই কর্মী নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের একটি চিকিৎসাকেন্দ্রে সরাসরি আঘাত হানা হয়। ওই কেন্দ্রের অবস্থান সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী আগে থেকেই অবগত ছিল। খবর বিবিসি।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত দুজন হামাসের সদস্য ছিলেন এবং এমএসএফ পরিচালিত ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের ভাষ্য, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।
গাজায় স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অন্যের জীবন বাঁচাতে যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন, তাঁদের সুরক্ষা দেওয়া উচিত, হামলা করা নয়।’
এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত দুজনই তাদের চিকিৎসাকেন্দ্রের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তাঁদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে।
এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের স্থাপনাগুলোতে স্পষ্টভাবে এমএসএফের লোগো চিহ্নিত ছিল। এ ছাড়া স্থাপনাগুলোর অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল এবং তারা সে সম্পর্কে অবগত ছিল।’
অন্যদিকে, এক্সে দেওয়া নিজেদের পোস্টে আইডিএফ নিহত দুজনের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু হাসিরা এবং মোয়াজ ইউসুফ আলিতসবাখ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাঁরা হামাসের সামরিক শাখার সদস্য এবং ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আইডিএফ আরও অভিযোগ করেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর ভেতরে নিজেদের সদস্যদের অবস্থান নিশ্চিত করার মাধ্যমে হামাস আবারও তাদের অপব্যবহার করছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা সিটিতে হামলা চালানোর আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের ভাষ্য, নিহত দুই ব্যক্তি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় সহিংসতা থামেনি। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। এসব এলাকায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই বাস্তুচ্যুত।