অস্থিরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশসহ সব বাহিনী দেশে অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে প্রস্তুত। খবর বাসস’র। 

সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি আহতদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আহত সদস্যদের সাহস জুগিয়ে তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন তিনি। তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি ও আনসার ব্যাটালিয়নের কয়েকজন সদস্য আহত হয়েছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও কারও কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন।

শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা আহত হয়েও শ্রমিকদের ওপর বলপ্রয়োগ করেননি বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁদের ধৈর্যশীল ভূমিকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণায় সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন; এসব অপচেষ্টা সফল হবে না।’

পরিদর্শনে তিনি পুলিশ কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা যথাযথভাবে করার নির্দেশ দেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়ানোর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালে বর্তমানে সহিংসতায় আহত আট পুলিশ সদস্য চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।