বাংলাদেশ নৌবাহিনীর ফিদেল রেজা ভারতে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হলেন

ভারতের কেরালার এঝিমালায় অবস্থিত ইন্ডিয়ান নেভাল একাডেমির (আইএনএ) শরৎকালীন প্রশিক্ষণ পর্বের সমাপনী কুচকাওয়াজে (পাসিং আউট প্যারেড) সেরা বিদেশি ক্যাডেটের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মিডশিপম্যান এমডি ফিদেল রেজা।

শনিবার (২৮ নভেম্বর) একাডেমির পেরেইরা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শরৎকালীন প্রশিক্ষণ পর্বে মোট ৪২৭ জন প্রশিক্ষণার্থী সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬৯ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের মধ্যে বাংলাদেশসহ নয়টি বন্ধুরাষ্ট্রের ১৮ জন প্রশিক্ষণার্থী ছিলেন। অন্য দেশগুলো হলো কেনিয়া, মালাউই, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, সেশেলস, তানজানিয়া ও তিমুর-লেস্তে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ক্যাডেটদের মধ্যে বিভিন্ন পদক ও ট্রফি বিতরণ করেন ভারতের রাষ্ট্রপতি। ১১১তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্সে প্রথম স্থান অর্জন করায় প্রেসিডেন্টস গোল্ড মেডেল পেয়েছেন মিডশিপম্যান কৌশিক সিং। সেরা বিদেশি ক্যাডেট হিসেবে ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ (দক্ষিণ) ট্রফি পেয়েছেন বাংলাদেশের মিডশিপম্যান এমডি ফিদেল রেজা।

এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ) থেকে প্রশিক্ষণ শেষে আসা ক্যাডেটদের মধ্যে সামগ্রিক মেধাতালিকায় প্রথম হওয়ায় একই ট্রফি পেয়েছেন মিডশিপম্যান শিবানি সিং। ৪২তম নেভাল ওরিয়েন্টেশন কোর্স (এক্সটেন্ডেড) ও ৪৩তম নেভাল ওরিয়েন্টেশন কোর্সে (রেগুলার) সেরা প্রশিক্ষণার্থী হিসেবে নৌবাহিনীপ্রধানের স্বর্ণপদক পেয়েছেন ক্যাডেট সোমেশ শর্মা ও ক্যাডেট এশিয়া ভার্মা। ৪২তম নেভাল ওরিয়েন্টেশন (কোস্ট গার্ড) কোর্সের সেরা প্রশিক্ষণার্থী হিসেবে ডিজি কোস্ট গার্ড ট্রফি পেয়েছেন ক্যাডেট মিতেশ দিনেশ রানে।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের অভিনন্দন জানান এবং তাদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তরুণ কর্মকর্তাদের গড়ে তুলতে প্রশিক্ষক ও প্রশিক্ষণ-সংশ্লিষ্ট কর্মীদের অবদানের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘শিপিং অব স্ট্রাইপস’ আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের কাঁধে সাব-লেফটেন্যান্ট পদের ব্যাজ পরিয়ে কমিশন্ড কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ, একাডেমির কমান্ড্যান্ট, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা এ আনুষ্ঠানিকতায় অংশ নেন।