মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার। কিন্তু কোনো কারণে মা শিশুকে বুকের দুধ দিতে না পারলে বিকল্প হিসেবে কাজে আসতে পারে অন্য মায়ের দান করা দুধ। এই ধারণা থেকেই গড়ে উঠেছে ‘মাতৃদুগ্ধ ব্যাংক’ বা হিউম্যান মিল্ক ব্যাংক। বিশে^ প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক শুরু হয় ১৯০৯ সালে অস্ট্রিয়ার ভিয়েনায়। পরের বছর যুক্তরাষ্ট্রের বোস্টনে এবং ১৯১৯ সালে জার্মানিতে এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ভারত, অস্ট্রেলিয়াসহ ৬০টির বেশি দেশে এ ব্যবস্থা রয়েছে। বিশ্বজুড়ে এ ধরনের ব্যাংকের সংখ্যা ৭০০-এর বেশি।
মাতৃদুগ্ধ ব্যাংকে সুস্থ ও আগ্রহী মায়েরা অতিরিক্ত বুকের দুধ দান করেন। সংগৃহীত দুধ দাতার স্বাস্থ্য পরীক্ষা, জীবাণুমুক্তকরণ, নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ এবং প্রয়োজনীয় মান যাচাইয়ের পর অসুস্থ ও অপরিণত শিশুদের দেওয়া হয়। বিশেষ করে অপরিণত জন্ম নেওয়া শিশু, কম ওজনের নবজাতক কিংবা মায়ের দুধ পেতে অক্ষম শিশুদের জন্য অত্যন্ত উপকারী। মায়ের দুধের পুষ্টি ও রোগ প্রতিরোধী উপাদান শিশুর সংক্রমণের ঝুঁকি কমাতে এবং সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে। পাশাপাশি মায়ের দুধের বিকল্প হিসেবে ফর্মুলা দুধের ওপর নির্ভরশীলতা কমাতেও ভূমিকা রাখে। তাই মাতৃদুগ্ধ ব্যাংক কেবল দুধ সংরক্ষণের ব্যবস্থা নয়, বরং নবজাতকের জীবন রক্ষায় মানবিক উদ্যোগ।