এআই, ডেটা সায়েন্স ও অটোমোবাইলসের মতো যুগোপযোগী নতুন বিভাগ চালু করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, স্বতন্ত্র মেডিসিন অনুষদ ও নার্সিং বিভাগসহ শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করা হয়েছে।
চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা এবং প্রযুক্তিনির্ভর কর্মবাজারের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে অন্তত ৪টি নতুন বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, অটোমোবাইলস ও নার্সিং বিভাগ চালুর প্রস্তাব আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। পরে তা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠানো হবে।
গতকাল শনিবার দেশ রূপান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এআই, ডেটা সায়েন্সসহ ৪ বিভাগ চালু, ৪ হাজার ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রণয়ন, হাসপাতাল ও মেডিসিন অনুষদ, গবেষণায় এককভাবে সর্বোচ্চ ৩০ লাখ টাকা বরাদ্দসহ ক্যাম্পাসের সামগ্রিক বিষয় নিয়ে পরিকল্পনা তুলে ধরেন চবি উপাচার্য।
৪ হাজার ১৯৯ কোটি টাকার প্রকল্পে মেডিসিন অনুষদসহ নতুন দিগন্ত : শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় হাসপাতাল ও মেডিসিন অনুষদ নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রকল্পের আওতায় ক্যাম্পাসে ৫০ শয্যার একটি হাসপাতাল ও স্বতন্ত্রভাবে মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতায় এমবিবিএস ডাক্তার তৈরি হবে। নতুনভাবে নার্সিং বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
এআই, ডেটা সায়েন্সসহ নতুন ৪ বিভাগ : চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা এবং প্রযুক্তিনির্ভর কর্মবাজারের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে অন্তত ৪টি নতুন বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, অটোমোবাইলস ও নার্সিং বিভাগ করা হবে। আগামী সিন্ডিকেটে এটি তোলা হবে। পরে তা অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হবে। সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নতুন বিভাগগুলো সম্পূর্ণভাবে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘বিশ্বে প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। নতুন বিষয়গুলো চালুর মাধ্যমে সময়োপযোগী উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।’
গবেষণায় শিক্ষার্থীদের মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি : বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ সমৃদ্ধ করতে স্নাতকোত্তর থিসিসের শিক্ষার্থীদের মাসিক ১০ হাজার, এমফিলে ১৫ হাজার ও পিএইচডি গবেষকদের ৪০ হাজার টাকা দেওয়া হবে। সমস্যা সমাধানে একজন গবেষককে সর্বোচ্চ ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের উৎপাদন, প্রযুক্তি ও ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য। এ ধরনের গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ধরনের যোগাযোগ ও পারস্পরিক আস্থা তৈরিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন সেল গঠন করা হয়েছে। গত ৪ নভেম্বর দেশের ১০৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে।
নবীন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, শেষ বর্ষে ইন্টার্নশিপ : বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস শিক্ষার্থীদের সফট স্কিল ও বিভিন্ন কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানান উপাচার্য। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে। চার বছর মেয়াদি অনার্সের শেষ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপ চালু করা হবে। এ সময় শিক্ষার্থীদের মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা ইন্টার্নশিপ ফেলোশিপ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।