আজহারীর মাহফিলে পকেট মারতে আসা ৬৫ নারী আটক

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে পকেট মারতে রাজশাহীতে আসা ৬৫ নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। মাহফিলে প্রবেশের আগেই শনিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশ তাদের আটক করে। আটক নারীদের বেশির ভাগের বাড়ি মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা সমাবেশে পকেটমারা ও প্রতারণার উদ্দেশ্যেই রাজশাহীতে এসেছিলেন।

গতকাল শনিবার বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান বক্তা ছিলেন ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আরএমপির মুখপাত্র ও নগর ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। শহরের কয়েকটি এলাকায় আলাদা অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা পকেটমারার প্রস্তুতির কথা স্বীকার করেছেন। এর আগেও বিভিন্ন সমাবেশে এই চক্রের সদস্যরা পকেটমারা ও প্রতারণা করেছে বলে জানিয়েছে পুলিশ।