পার্বত্য চুক্তির ২৯ বছরে সন্তু লারমার জনসংহতি সমিতি কী বলছে?

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৯ বছর পেরিয়ে গেলেও এর দুই-তৃতীয়াংশের বেশি ধারা এখনো বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অবস্থা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। বরং গত ১০ সেপ্টেম্বর সরকার একতরফাভাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। 

পার্বত্য চুক্তির ২৯ তম বর্ষপূর্তিকে সামনে রেখে সাবেক গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি রবিবার এই প্রতিবেদনটি প্রকাশ করে। 

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তি হয়। এর আগে এরশাদ সরকারের সঙ্গে ২৬টি এবং বিএনপি সরকারের সঙ্গে ১৩টি আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। চুক্তি স্বাক্ষরের পর ছয়টি রাজনৈতিক সরকার ও দুটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলেও বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের নয় মাস পেরোলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি-অধ্যুষিত অঞ্চল হিসেবে বিবেচনা করে এর বৈশিষ্ট্য সংরক্ষণ, ভূমিবিরোধ নিষ্পত্তি, স্থানীয় জনগণের ভূমি অধিকার রক্ষা এবং আঞ্চলিক ও জেলা পরিষদ কার্যকর করার কথা রয়েছে। এ ছাড়া শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের পুনর্বাসন, প্রশাসন, আইনশৃঙ্খলা, পুলিশ, শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিষদগুলোর কাছে হস্তান্তরের অঙ্গীকার করা হয়। কিন্তু এসব বিষয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিন পার্বত্য জেলা পরিষদ-সংক্রান্ত চুক্তির ৩৫টি ধারার মধ্যে ১৬টি বাস্তবায়িত, ১৫টি অবাস্তবায়িত এবং চারটি আংশিক বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে আঞ্চলিক পরিষদ-সংক্রান্ত ১৪টি ধারার চারটি বাস্তবায়িত, চারটি অবাস্তবায়িত এবং ছয়টি আংশিক বাস্তবায়িত হয়েছে। জেলা পরিষদ নির্বাচন না হওয়ায় আঞ্চলিক পরিষদ নির্বাচনও হয়নি। পরিষদগুলোর হাতে ভূমি, পুলিশ ও আইনশৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ ক্ষমতা পুরোপুরি হস্তান্তর করা হয়নি। স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনী এলাকা নির্ধারণের বিধিও কার্যকর হয়নি। ভূমি কমিশনের বিধিমালাও চূড়ান্ত হয়নি।

ভারত থেকে প্রত্যাগত ১২ হাজার ২২২ পরিবারের ৬৪ হাজার ৬০৯ জন শরণার্থীকে আর্থিক সুবিধা দেওয়া হলেও ৯ হাজার ৭৮০ পরিবার এখনো তাদের ভিটেমাটি ও জায়গাজমি ফিরে পায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটির কয়েকটি উপত্যকায় প্রত্যাগত শরণার্থীদের ৪০টি গ্রামের জমি এখনো বাঙালি সেটেলারদের দখলে রয়েছে বলেও দাবি করা হয়েছে। ত্রিপুরার শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় প্রত্যাগত প্রায় ৫৪ হাজার মানুষ রেশন সুবিধা থেকেও বঞ্চিত।

অভ্যন্তরীণ জুম্ম (পাহাড়ি) উদ্বাস্তু হিসেবে ২০০০ সালে ৯০ হাজার ২০৮ পাহাড়ি পরিবারকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাদের নিজ নিজ জায়গাজমি ফিরিয়ে দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের পর ২৭ বছরেও একটি বিরোধ নিষ্পত্তি হয়নি। কমিশনের বিধিমালা চূড়ান্ত না হওয়ায় বিচারিক কার্যক্রমও শুরু করা যায়নি।

নিরাপত্তা ক্যাম্প প্রত্যাহারেও অগ্রগতি সীমিত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ৫৪৫টি অস্থায়ী ক্যাম্পের মধ্যে ১০১টি প্রত্যাহার করা হলেও চার শতাধিক ক্যাম্প রয়ে গেছে। ২০২৩-২৪ সালে বান্দরবানে বিজিবির একটি ক্যাম্পসহ নতুন ১৭টি সেনা ক্যাম্প স্থাপনের কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। চাকরিতে জুম্মদের অগ্রাধিকার দেওয়ার বিধান কার্যকর হয়নি।

চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট আইন সংশোধনের কথাও থাকলেও পুলিশ, বন ও পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিসহ প্রয়োজনীয় আইন সংশোধন হয়নি। অস্থানীয়দের দেওয়া ভূমির ইজারা বাতিলের সিদ্ধান্তও পুরোপুরি কার্যকর হয়নি; বাতিল হওয়া অনেক প্লট পরে পুনর্বহাল করা হয়েছে।

প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিরাপত্তা বাহিনী, সশস্ত্র গোষ্ঠী, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী এবং ভূমিদস্যুদের মাধ্যমে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এসব ঘটনায় ১৫৪ জন জুম্ম (পাহাড়ি) আক্রান্ত এবং ১০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।