তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছরই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলায় আগেভাগে শীতের আগমন ঘটে। এবারও বাড়ছে শীতের তীব্রতা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমেরও সর্বনিম্ন। এর আগের দিন শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে সতর্কতার সঙ্গে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

যানবাহন চালকেরা জানান, রাত থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। তবে ভোরের দিকে তা ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলছে। সূর্যের দেখা মিলছে দেরিতে। এ কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে।

সরেজমিন দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই কুয়াশা পড়তে শুরু করে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ও শীতের তীব্রতাও বাড়ছে।

সকালে দেরিতে সূর্যের দেখা মেলায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। সময়মতো কাজে যেতে না পারায় অনেকে কাজ হারাচ্ছেন। এতে তাঁদের দৈনন্দিন আয়-ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে।