মুন্সীগঞ্জে গৃহকত্রীকে মারধর করে ডাকাতি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহকত্রীকে মারধর এবং দুই ভাড়াটিয়ার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ টাকার বেশি মালামাল লুট করে পালিয়েছে ডাকাতদল।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের লাখারন গ্রামে প্রয়াত হারুনুর রশীদ হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে হারুনুর রশীদের স্ত্রী রাশেদা বেগম (৬৫) এবং দুই ভাড়াটিয়া বসবাস করতেন।

গৃহকত্রী রাশেদা বেগম জানান, রাত ২টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত বাড়ির দক্ষিণ পাশে থাকা ভাড়াটিয়াদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরে লুঙ্গি দিয়ে তাদের হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ওয়ারড্রব ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।

এরপর ডাকাতরা তার বসতঘরে ঢুকে আলমিরা ও শোকেস ভাঙচুর করে। একপর্যায়ে তাকে মারধর করে কানে থাকা সাত আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।

বাড়ির ভাড়াটিয়া হৃদয় হালদার ও মোতালেব মিয়া জানান, ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখায়। এ সময় ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে ডাকাতরা পালিয়ে যায়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ডাকাতির বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।