ইউপি নির্বাচন: চ্যালেঞ্জ মোকাবিলায় দলগুলোর সহযোগিতা চান সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে এসব কথা বলেন তিনি।

নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন, তাহলে রেফারির পক্ষে খেলা পরিচালনা করা কঠিন। নির্বাচনের মাঠেও কেউ যাতে অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক নেতাদের সহযোগিতা করতে হবে। কেউ ফাউল করতে চাইলে নেতাদের পাশে থেকে তা প্রতিহত করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপ্তি ও সময়ের বিষয়টি তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়। জাতীয় নির্বাচনের মতো এটি স্বল্প সময়ের কোনো আয়োজন নয়; বরং বছরজুড়ে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ কারণে দীর্ঘমেয়াদি ও টেকসই কৌশল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাস্তবসম্মত পরামর্শ চান তিনি।

এ সময় মৌলভীবাজারের চা-বাগান শ্রমিকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার উদাহরণ তুলে ধরেন সিইসি। তিনি বলেন, চা-বাগানের শ্রমিকেরা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণভাবে আয়োজন করা সম্ভব।

ইসি জানিয়েছে, আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এসব সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা করার পরিকল্পনাও রয়েছে কমিশনের।