যে কারণে গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকেরা লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট গ্রাহকেরা।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের’ তথ্য পর্যালোচনার পর এসব হিসাব বন্ধের উদ্যোগ নেয় বিএফআইইউ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করা হয়েছে।

হিসাব বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট গ্রাহকেরা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ ও উত্তোলন করতে পারছেন না। এতে দৈনন্দিন আর্থিক লেনদেনেও সমস্যায় পড়েছেন অনেকে।

তবে এসব হিসাব কত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং কী প্রক্রিয়ায় গ্রাহকেরা পুনরায় হিসাব সচল করতে পারবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।