স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও পরিকল্পনা নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সতর্ক অবস্থানে রয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার উদ্বিগ্ন নয়।’
ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।’
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষের প্রসঙ্গও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’ এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।’