ভূমিকম্প-সুনামি

ইন্দোনেশিয়ার পালুতে এখনো নিখোঁজ ৫ হাজার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির এক সপ্তাহ পর এখন পর্যন্ত পালুর দু’টি ভয়াবহ ধ্বংস কবলিত এলাকার প্রায় পাঁচ হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। রোববার এক কর্মকর্তা একথা জানান। খবর: বাসস।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, নগরীর পেটোবো ও বেলারোয়ার স্থানীয় প্রধানদের কাছ থেকে নিখোঁজের এই হিসাব পাওয়া গেছে। সুলাওয়েসি দ্বীপে এই ধ্বংসযজ্ঞে এ পর্যন্ত ১ হাজার ৭৬৩ লাশ উদ্ধার করা হয়েছে।

সংস্থার মুখপাত্র সুটোপো পুরোও নুগ্রোহো রোববার এএফপিকে বলেন, ‘পেটোবো ও বেলারোয়ার স্থানীয় প্রধানরা জানান, প্রায় পাঁচ হাজার নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ওইসব এলাকায় নিখোঁজের সঠিক সংখ্যা জানা খুবই কঠিন।

গত শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সমুদ্র থেকে উঠে আসা প্রায় ছয় মিটার উঁচু দানবাকৃতির ঢেউ সুলাবাসি দ্বীপের পশ্চিম উপকূলের পালু নগরীকে ভাসিয়ে নিয়ে যায়।

ভূমিকম্পের কারণে ভূমিধস এবং সুনামিতে সেতু ভেঙ্গে যাওয়ায় প্রত্যন্ত কিছু এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। যে কারণে সেখানকার ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা।