সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সামরিক হামলার আইনগত দিকগুলো পর্যালোচনা করতে ১৬ নভেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার ঘোষণা দিয়েছে ইরান। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সোমবার (১০ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘেই বলেন, আসন্ন সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনার উপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। বাঘেই এই হামলাগুলোকে একতরফা আগ্রাসনের স্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন, যা আন্তর্জাতিক নীতিমালা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি এই অভিযান সরাসরি পরিচালনা করেছিলেন। এটি যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের স্পষ্ট প্রমাণ হিসেবে ইরান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে দাখিল করেছে।
জুন ২০২৫-এর হামলার মধ্যে রয়েছে ইসরায়েলের ১২ দিনের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনার ওপর হামলা, যার পরে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্ডো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
