ভোক্তাদের অভিযোগ জানাতে কল সেন্টার চালু

কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভোক্তাদের অভিযোগ জানাতে কল সেন্টার চালু করা হয়েছে। এজন্য ০১৯৭৭০০৮০৭১ ও০১৯৭৭০০৮০৭২ নম্বরে ফোন করতে হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি চালু থাকবে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ উদ্যোগে নিয়েছে।

অভিযোগের ১৫ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এর প্রতিকারের ব্যবস্থা করবে সংস্থাটি। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসেছে অনলাইন পত্রিকা ‘ভোক্তাকণ্ঠ ডটকম’।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে কলসেন্টার ও অনলাইন পত্রিকা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব সভাপতি গোলাম রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।

শফিকুল ইসলাম লস্কর বলেন, ভোক্তা অধিকারের প্রশ্নে জনগণের সচেতনতা বাড়ছে। ২০১৭-১৮ সালে ৯ হাজার ১৯টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৮ হাজার ১২২টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি ৪ হাজার ৫৯বার বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩৯ কোটি টাকা। এ থেকে প্রায় এক কোটি টাকা ভোক্তারা ক্ষতিপূরণ পেয়েছেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তাকণ্ঠ ডটকম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ আবুল মকসুদ, সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকাশক স্থপতি মোবাশ্বের হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার হামিদুল হক খান, প্রকৌশল অনুষদের ডিন ও ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম ও ক্যাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।