ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণ (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শ্রাবণ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ওসি মো. ইসমাইল হোসেন জানান, রোববার রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণের সঙ্গে স্থানীয় তপু, নাহিদ ও জাহিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রাবণকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন শ্রাবণ রাতেই মারা যান।

ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সরু মোল্লা নামে একজনকে পুলিশ আটক করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।