​মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেপ্তার

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) অচেতন করে ধর্ষণের মামলায় অন্যতম অভিযুক্ত সুরঞ্জন দাসকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ জুন) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। গত ২ জুন রাতে উপজেলার লোহাঈদ গ্রামের অভিযুক্ত কবিরাজ আ. রহিম (৩৫) ও সুরঞ্জন দাস (২৫) কৌশলে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা খাবারের সাথে চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর ওই ঘরে থাকা ১৭ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

​ভোরে প্রতিবেশীরা ঘরের ভেতর পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন। ​মামলার পর পুলিশ এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি দিঘীর পাড় গ্রামের সুরঞ্জন দাসকে গ্রেপ্তার করে।

​মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। আসামি সুরঞ্জন দাসকে আজ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। মামলার অপর আসামি আ. রহিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত