রিয়ালের চেয়ে ইউভেন্তুস অনেক পারিবারিক: রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো বলেছেন, তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের চেয়ে বর্তমান ক্লাব ইউভেন্তুস অনেক পারিবারিক। একই সঙ্গে তিনি নতুন ক্লাব সতীর্থদেরও প্রশংসায় ভাসিয়েছেন।

৩৩ বছর বয়সী রোনালদো গেল জুলাইয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাব ইউভেন্তুসে পাড়ি জমান। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে নয় বছরের বন্ধন ছিন্ন করেন রোনালদো।

এ মৌসুমে ১৫ ম্যাচ শেষে সিরি ‘এ’ তে ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ইউভেন্তুসের। চ্যাম্পিয়ন্স লিগেও ইতিমধ্যে শেষ ষোলোর টিকিট কেটেছে দলটি।

ইতালিয়ান ক্লাবটির জার্সীতে রোনালদো ইতিমধ্যে ১১ গোল করেছেন। অনেক দ্রুতই তিনি মানিয়ে নিয়েছেন ইতালিয়ান ক্লাবটির সঙ্গে।

এপর্যন্ত যে ক্লাবগুলোতে খেলেছেন, তার মধ্যে ইউভেন্তুসকেই অনেক বেশি এগিয়ে রাখছেন রোনালদো, ‘‘কারো নাম নির্দিষ্ট করে বলা ঠিক হবে না। কিন্তু আমি বলবো যে দলগুলোতে খেলেছি তার মধ্যে এটি আমার দেখা সেরা গ্রুপ।’’

‘‘এখানে আমরা একটা দল, অন্য জায়গায় কিছু খেলোয়াড় অন্যদের থেকে নিজেদের বড় ভাবে। এখানে সবাই এক মানের। সবাই খুব নম্র এবং জিততে চায়।’’

‘‘যদি দিবালা (পাওলো দিবালা) অথবা মানজুকিচ (মারিও মানজুকিচ) গোল না করে, তারা সবাই খুশিই থাকে এবং আপনি দেখবেন তারা হাসছে। আমার জন্য এটা অসাধারণ, ভিন্ন অনূভূতি।’’

রোনালদো যোগ করে বলেন, ‘‘এটা মাদ্রিদের থেকে ভিন্ন। অনেক বেশি পারিবারিক।’’

রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী দলের অংশ ছিলেন।এদিকে ইউভেন্তুস ১৯৯৫-৯৬ মৌসুমের পর আর কখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দেখা পায়নি। রোনালদো ক্লাবটিতে পাড়ি দেওয়ার পর থেকেই শিরোপার স্বপ্নে বুদ দর্শকরা।

তবে রোনালদো ধাপে ধাপে চিন্তা করতে চান, ‘‘হ্যা, আমরা সবাই এটি চাই। কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। যদি ইউনাইটেড ম্যাচের দিকে তাকান (ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারে ইউভেন্তুস), যদি সেটা কোয়ার্টার ফাইনাল হতো আমরা ছিটকে যেতাম।’’

‘‘আমাদের তাই ছোট ছোট চিন্তা করতে হবে, সঠিক সময়ে, বিস্তারিত।’’