চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা । তবে মাঠের লড়াই নামার আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট ও ফিটনেস সমস্যা নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য স্কালোনির হাতে প্রতিটি পজিশনের জন্যই রয়েছে একাধিক নির্ভরযোগ্য বিকল্প।
ইএসপিএন পজিশন অনুযায়ী আর্জেন্টিনার বর্তমান স্কোয়াড ও বিকল্পগুলোর একটি বিস্তারিত চিত্র নিচে তুলে ধরেছে:
গোলরক্ষক: চোট সত্ত্বেও প্রথম পছন্দ 'দিবু'
আর্জেন্টিনার গোলপোস্টের নিচে এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজের জায়গা একদম নিশ্চিত। অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগ জয়ের ম্যাচের আগে তার ডান হাতের অনামিকায় ছোট একটি ফ্র্যাকচার হয়েছিল। ইনজেকশন নিয়ে সেই ম্যাচ খেললেও বর্তমানে তিনি পুরোপুরি ফিট হওয়ার প্রক্রিয়াধীন আছেন। এ কারণে প্রস্তুতি ম্যাচগুলো তিনি না খেললেও ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার শুরুর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। ব্যাক-আপ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জেরোনিমো রুলি এবং হুয়ান মুসোকে।
রক্ষণভাগ: চোটের হানা ও স্কালোনির বিকল্প চিন্তা
রাইট ব্যাক: এই পজিশনটি নিয়ে বেশ চিন্তায় আছেন স্কালোনি। নাহুয়েল মলিনা এবং গনজালো মনতিয়েল—দুজনেই চোটের কারণে এখনো দলের সাথে স্বাভাবিকভাবে অনুশীলন শুরু করতে পারেননি। মলিনা কিছুটা এগিয়ে থাকলেও বিকল্প হিসেবে পালমেইরাসের তরুণ ডিফেন্ডার আগুস্তিন জিয়াই এবং হ্যামবুর্গের নিকোলাস কাপালদোর ওপর নজর রাখছেন কোচ। এ ছাড়া জুলিয়ানো সিমিওনেকেও রাইট-ব্যাকে খেলানোর বিকল্প ভাবনায় রাখা হয়েছে।
সেন্ট্রাল ডিফেন্স: মূল ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো গত এপ্রিলে হাঁটুতে চোট পাওয়ার পর সম্প্রতি দলের সাথে অনুশীলন শুরু করেছেন। তবে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকায় তার ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে। রোমেরো যদি পুরোপুরি তৈরি হতে না পারেন, তবে লিওনার্দো বালের্দি বা ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গী হতে পারেন।
লেফট ব্যাক: প্রথম পছন্দ নিকোলাস তাগলিয়াফিকো। বিকল্প হিসেবে ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্তিন বার্কো এবং প্রয়োজনে নিকোলাস গনসালেজকেও এই পজিশনে ব্যবহার করা হতে পারে।
মাঝমাঠ: একাধিক কৌশলের সুযোগ
মাঝমাঠের রক্ষণাত্মক বা 'হোল্ডিং' পজিশনের জন্য লিয়ান্দ্রো পারেদেস প্রথম পছন্দ হলেও বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় চোট পাওয়ায় তাকে নিয়ে কিছুটা শঙ্কা আছে। তবে স্কালোনির হাতে এনসো ফার্নান্দেস এবং আলেক্সিস মাক অ্যালিস্টার আছেন, যারা দুজনেই এই পজিশনে মানিয়ে নিতে সিদ্ধহস্ত। এ ছাড়া রদ্রিগো ডি পল রাইট-ইন্টেরিয়র হিসেবে খেলবেন এবং তার বিকল্প হিসেবে তৈরি আছেন এজেকিয়েল পালাসিওস। ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে জিওভান্নি লো চেলসো এবং তরুণ ভ্যালেন্তিন বার্কো অপশন হিসেবে থাকছেন।
আক্রমণভাগ: মেসি-নির্ভরতা ও নতুনদের পরীক্ষা
ডান প্রান্ত ও মেসির বিকল্প: ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে মাংসপেশির চোটে পড়া অধিনায়ক লিওনেল মেসি কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠছেন। যদি তাকে বিশ্রাম দেওয়া হয়, তবে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে সিরি-আ কাঁপানো তরুণ নিকোলাস পাজ হতে পারেন প্রথম বিকল্প।
বাম প্রান্ত: আনহেল দি মারিয়ার অবসরের পর এই পজিশনটি উন্মুক্ত। এখানে থিয়াগো আলমাদা (যিনি বিল্ড-আপে সাহায্য করেন) এবং নিকোলাস গনসালেজ (যিনি গতি দিয়ে আক্রমণ করেন)—এই দুই ভিন্ন ঘরানার খেলোয়াড়কে প্রতিপক্ষ বুঝে ব্যবহার করবেন স্কালোনি।
সেন্টার ফরোয়ার্ড: মূল স্ট্রাইকার পজিশনে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের মধ্যে জমজমাট লড়াই চলছে। আলভারেসের গতি ও মাঠজুড়ে খেলার প্রবণতা তাকে কিছুটা এগিয়ে রাখলেও ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো লাউতারো মার্তিনেজের গোলক্ষুধা স্কালোনিকে মধুর সমস্যায় ফেলবে। এ ছাড়া তৃতীয় বিকল্প হিসেবে পালমেইরাসের হোসে ম্যানুয়েল লোপেজকেও স্কোয়াডে রাখা হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ 'জে'-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। ডাচদের হারিয়ে চমক দেখানো আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের জন্য নিজেদের শক্তি ও গভীরতা প্রমাণের প্রথম বড় পরীক্ষা।
