ঢাকায় কাতারের ভিসা সেন্টার উদ্বোধন

রাজধানীর বাংলামোটরে কাতারের একটি ভিসা সেন্টার উদ্বোধন করা হয়েছে।  গতকাল মঙ্গলবার রূপায়ণ ট্রেড সেন্টারের ১১তলায় সেন্টারটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মো. আহমেদ মোহাম্মদ আল দেহাইমি। 

ওই সময় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, কাতার দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।  রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভিসা সেন্টার খোলা থাকবে। এ সেন্টার থেকে কাতারে যেতে আগ্রহী কর্মীদের মেডিকেল সহায়তা প্রদানকারী কোম্পানি স্টেমজ হেলথ কেয়ার মেডিকেল পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে কাতারের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রায় চার লাখ লোক কাতারে রয়েছেন। বাংলাদেশিদের জন্য অন্যতম একটি কর্মক্ষেত্র কাতার। এ ভিসা সেন্টারে উন্নত শারীরিক পরীক্ষাসহ ভিসা তৈরির সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ ছাড়া এখান থেকে কাতার ভ্রমণে আগ্রহী দর্শনার্থীরা ভ্রমণবিষয়ক দিকনির্দেশনা ও সহায়তা নিতে পারবেন।