দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাবার (প্রসাদ) খেয়ে ভারতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে যেতে হয়েছে ৮২ জনকে। ফেলে দেয়া খাবার খেয়ে ৬০টি কাকও মারা গেছে।
এনডিটিভি জানিয়েছে, কর্ণাটকের চামারাজানাগার জেলার মরম্মা মন্দিরে এই ঘটনা ঘটে।
পুলিশ ধারণা করছে, খাবারের ভেতর হয়তো বিষাক্ত কোনো পদার্থ ছিল।
জেলার এক মুখপাত্র বলেন, ‘আমরা খাবারের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। অসুস্থদের আশপাশের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, খাবার থেকে কেরোসিনের গন্ধ আসছিল। তবু ‘ভক্ত’রা সেই খাবার খাওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে তারা বমি করতে থাকেন। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তায় তিন মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী অসুস্থদের খবরাখবর নিয়েছেন। সেই সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।