যশোর-১ আসন প্রচারে আ.লীগ, হামলা মামলার ভয়ে বিএনপি

যশোর জেলার সংসদীয় ছয়টি আসনের মধ্যে যশোর-১ (শার্শা) খুবই গুরুত্বপূর্ণ। আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে। যদি অভ্যন্তরীণ এ কোন্দল কেটে যায় তাহলে এখানে দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। নইলে বিপদে পড়তে পারে উভয় দলই। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আফিল উদ্দিন।

আর ধানের শীষ প্রতীকে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন আফিল। তবে হামলা-মামলার ভয়ে মাঠে নামতে পারছে না বিএনপির নেতাকর্মীরা।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে নেমেছেন বর্তমান সাংসদ ও আফিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আফিল উদ্দিন। আর বিএনপির মফিকুল হাসান তৃপ্তি বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন। তবে এলাকায় ধানের শীষের তেমন পোস্টার দেখা যাচ্ছে না।

হামলা-মামলার ভয়ে মাঠে নামতে পারছে না বিএনপির নেতাকর্মীরা। এ আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলনের বখতিয়ার রহমান ও গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু। তবে তাদের নির্বাচনী প্রচার এখন পর্যন্ত চোখে পড়েনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন রাজনীতিক বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে না ফেললে আসন্ন নির্বাচনে জয়ী হওয়া উভয় দলের জন্য কঠিন হতে পারে।

এ কারণে এই আসনে আগামীতে জয়-পরাজয় নির্ভর করছে দলীয় কোন্দল কতটা নিরসন হয়েছে তার ওপর।

আসনটির বর্তমান সাংসদ আফিল উদ্দিন দলীয় ব্যানারে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিকসহ নানা কারণে তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। তিনিও এবার দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগের স্থানীয় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন তিনি। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন আফিল উদ্দিন।

অন্যদিকে এ আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের মফিকুল হাসান তৃপ্তি দীর্ঘদিন বহিষ্কৃত থাকায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুজ্জামান মধু ও সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরের সঙ্গে তার সম্পর্ক ভালো না। তারা নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। ভোটের মাঠে মধু ও জহিরের অনুসারীরা তৃপ্তির পাশে নেই। সব মিলিয়ে এ আসনে নৌকা ও ধানের শীষের তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

শার্শার ১১ ইউনিয়ন ও পৌরসভা নিয়ে যশোর-১ আসন গঠিত।