বরুড়ায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায়, গ্রেপ্তার ১

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:২৩ এএম

কুমিল্লার বরুড়া উপজেলায় একদিনে শিশুদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ, অন্য ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (০৩ জুন) একটি ঘটনার মামলার আসামিকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়। অন্য একটি ঘটনার মামলা হয় বরুড়া থানায়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বড় কালিকাপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সিএনজি চালক হারুনের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে উত্তরশীলমুড়ি ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসা আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানি ওদুদ মিয়ার বিরুদ্ধে। সহপাঠীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। 

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, শীলমুড়ি ইউনিয়নের ঘটনায় অভিযুক্ত ওদুদ মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। লক্ষিপুর ইউনিয়নের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনা দুটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত