শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটিতে ব্যাপক রদ-বদলের পর পরিবর্তন এসেছে দলটির নেতৃত্বেও। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে লাসিথ মালিঙ্গাকে। তার ডেপুটি উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
সবশেষ ওয়ানডে সিরিজে অতিথি ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। ইংলিশদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির নেতৃত্বে ছিলেন থিসারা পেরেরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে হারে লঙ্কানরা। আর টি-টোয়েন্টিতে হারে ৩০ রানে।
এর মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কিমিটিতে এসেছে ব্যাপক পরিবর্তন। গ্রায়েম ল্যাবরয় নেতৃত্বাধীন কমিটিকে বাদ দিয়ে আনা হয় অসান্থা ডি মেল কমিটি। এই কমিটি তিনমাস আগে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে ফেরা মালিঙ্গার হাতে তুলে দিল সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন তিনি।
পারফরম্যান্স ও ফিটনেসহীনতার কারণে এক বছরের বেশি সময় শ্রীলঙ্কা দলে ডাক পাননি মালিঙ্গা। সেপ্টেম্বরে এশিয়া কাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন এই পেসার। এরপর থেকেই বলহাতে দারুণ কিছু নৈপুণ্য দেখান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ফিটনেসহীনতার কারণে বাইরে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস সীমিত ওভারের দলে ফিরেছেন। ১৭ সদস্যের দলে ফিরেছেন ২০১৭ সালের অক্টোবরে সবশেষ ওয়ানডে খেলা ৩৩ বছর বয়সী লেগস্পিনার সিকুগে প্রসন্ন। ডাক পেয়েছেন গত জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলা আসেলা গুনারত্নে।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে দলে নেই ডানহাতি স্পিনার আকিলা দনাঞ্জয়া। জায়গা পাননি বাঁহাতি স্পিনার আমিলা আপনসো। স্পিন বোলের দায়িত্বে রাখা হয়েছে দুই রিস্টস্পিনার প্রসন্ন ও লাকশান সান্দাকানকে। পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে নুয়ান প্রদিপ, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিতা ও লাহিরো কুমারাকে।
নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের চলতি টেস্ট সিরিজের পর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে হবে ৩ জানুয়ারিতে।
শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুসকা গুনাথিলাকা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষ্মণ সান্দাকান, সেকুগে প্রসন্ন, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদিপ ও লাহিরু কুমারা।